যশোরে জেলা পুলিশের বিশাল অভিযানে আটক ১৫৫ জন
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলাজুড়ে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ সদস্যসহ মোট ১৫৫ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) জেলার ৯টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই সমন্বিত অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন মাদকদ্রব্য এবং ককটেল সদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্য ছাড়াও মাদক ব্যবসা, চুরি, বিস্ফোরক মামলা, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামিরা রয়েছে।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ দমন এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই বিশেষ অভিযান চালানো হয়েছে।
মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি-এই লক্ষ্যকে সামনে রেখে জেলাজুড়ে অপরাধ দমনে এমন ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার রাজিবুল হাসান।























