যবিপ্রবিতে বার্ষিক আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু
নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে বার্ষিক আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতায় জয়-পরাজয়ের চেয়ে ক্রীড়াসুলভ মানসিকতা ও শৃঙ্খলাবোধ অর্জন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মাঠে প্রতিযোগিতা থাকলেও খেলা শেষে সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। নানা প্রতিকূলতা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার ঘাটতি সত্ত্বেও শিক্ষার্থীদের এই প্রাণবন্ত অংশগ্রহণ সত্যি প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় সর্বদা উৎসাহ দিয়ে আসছে এবং ভবিষ্যতে বছরজুড়ে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলা পরিচালনা উপকমিটির আহ্বায়ক ড. মো. মজনুজ্জামান, টেবিল টেনিস প্রতিযোগিতার খেলা পরিচালনা উপকমিটির আহ্বায়ক ড. শৈবাল চন্দ এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।























