যশোরে দড়াটানা ও গরীব শাহ এলাকায় অবৈধ স্থাপনাবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের দড়াটানা-ভৈরব নদের পাড় ও গরীব শাহ এলাকায় সরকারি ও পৌরসভার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে পৌরসভা ও জেলা প্রশাসন। অভিযানকালে গরীব শাহ রোডে সড়কের জায়গা দখল করে নির্মিত ইজিবাইক মালিক সমিতির কার্যালয়টি বিকেল ৫টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হোসেন আকন্দ (সিও), যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রকৌশলী কামাল হোসেনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
অভিযান পরিচালনাকালে কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ইজিবাইক মালিক সমিতির কার্যালয়টি নিজ দায়িত্বে অপসারণ করা না হলে পৌরসভার তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান চালিয়ে তা সম্পূর্ণ সরিয়ে ফেলা হবে। একই সাথে দড়াটানা ভৈরব নদের পাড় ও আশপাশের সড়ক দখল করে গড়ে ওঠা অন্যান্য অবৈধ দোকানপাট ও স্থাপনার মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
পৌরসভা সূত্রে জানানো হয়েছে, শহরের যানজট নিরসন, ভৈরব নদের পাড় সৌন্দর্যবর্ধন এবং সরকারি ও পৌরসভার সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দখলকৃত সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে পর্যায়ক্রমে কঠোর উচ্ছেদ কার্যক্রম চালানো হবে বলে উর্ধতন কর্মকর্তারা জানান।























