জুন মাসের মধ্যে সব উপজেলা ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
নিজস্ব প্রতিবেদক
আগামী জুন মাসের মধ্যে দেশের সব উপজেলাকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ছিল একটি সামাজিক চুক্তি, যা সরকার গঠনের পর রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হয়েছে। সরকারের পথচলার প্রথম দিন থেকেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে সেই চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে।
শুক্রবার যশোর সদর উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে চাঁচড়া ইউনিয়নের বর্মনপাড়া নদীয়ার মোড়ে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসহ সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
বক্তব্যে প্রতিমন্ত্রী ঐতিহ্যবাহী উলাশীর খালের কথা স্মরণ করে বলেন, যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খননকৃত উলাশীর খাল পুনঃখনন করেছেন। সেই খালের ওপর নতুন সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ ও নকশা চূড়ান্ত হয়েছে, যা অতি দ্রুত দরপত্রের মাধ্যমে শুরু হবে। বিএনপি যা বলে, তা করে কখনও জনগণের সাথে ওয়াদার বরখেলাপ করে না।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম প্রায় তিনগুণ বৃদ্ধি পেলেও দেশে যেন কোনো সংকট তৈরি না হয়, সেজন্য আমরা নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিয়েছি। সরকারি-বেসরকারি ছাদে সোলার প্যানেল বসানো এবং কৃষি সেচপাম্পগুলোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার কাজ চলছে।
এ ছাড়া আইনশৃঙ্খলা ও আঞ্চলিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে বিএনপি পাশে থাকবে এবং প্রশাসন সহায়তা করবে।
তিনি আরও জানান, হৈবুতপুর, লেবুতলা, কাশিমপুর ও চূড়ামনকাটি ইউনিয়নে ইতোমধ্যে ‘কৃষক কার্ড’-এর পাইলেটিংয়ের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এলাকার সব ভাঙা রাস্তাঘাট সংস্কার করা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হকের সভাপতিত্বে এবং জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের স্বাগত বক্তব্যে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।























