যশোরে শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যু: প্রধান অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
যশোরের আলোচিত শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং প্রধান অভিযুক্ত অপার গোবিন্দ দাসের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুল ও চাঁচড়া স্কুল অ্যান্ড কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিপ্রার মৃত্যুকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, শিপ্রার মৃত্যুর ঘটনার মূল হোতা অপার গোবিন্দ দাস। তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর জিজ্ঞাসাবাদ করলেই এই রহস্যজনক হত্যাকাণ্ডের আসল সত্য উন্মোচিত হবে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী গোষ্ঠীর হস্তক্ষেপ এবং আইনি দীর্ঘসূত্রতা ছাড়া মামলাটির বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী শিপ্রার অকাল ও রহস্যজনক মৃত্যুকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই শিপ্রার পরিবার ও সহপাঠীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আসছে। এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকের এই মানববন্ধন পালিত হলো। বর্তমানে পুলিশ ঘটনাটি নিয়ে গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে।























