যশোরে আত্ম-উন্নয়ন ও লার্নিং প্ল্যাটফর্ম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
আত্ম-উন্নয়ন, দক্ষতা বিকাশ ও বিভিন্ন শিখন কার্যক্রমকে সর্বসাধারণের জন্য সহজলভ্য করার লক্ষ্যে আইডিয়া এর উদ্যোগে আত্ম-উন্নয়ন ও লার্নিং প্ল্যাটফর্ম ‘idealessons.com’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আইডিয়া ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে নতুন এই শিক্ষা বিষয়ক ওয়েবসাইটটির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আইডিয়া-এর প্রতিষ্ঠাতা হামিদুল হক। তিনি জানান, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে মানুষ আইডিয়া এর সাতটি অঙ্গসংগঠনের নানা কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। এছাড়া স্পোকেন ইংলিশ, ডিবেট, সেলফ-ডেভেলপমেন্ট ও সফট স্কিলসসহ বিভিন্ন বিষয়ে বিনামূল্যে শেখার প্রয়োজনীয় উপকরণ ও রিসোর্স ম্যাটেরিয়াল যুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে।
আইডিয়া স্পোকেন-এর কো-অর্ডিনেটর নাবিলা সুলতানা জানান, দেশ ও দেশের বাইরের অনেক আগ্রহীদের কথা বিবেচনা করে এই প্ল্যাটফর্মে পেইড ও নন-পেইড কোর্স এবং অন্যান্য শেখার সামগ্রী রাখা হয়েছে। এর ফলে ভৌগোলিক দূরত্বের কোনো বাধা ছাড়াই বিশাল জনগোষ্ঠী আইডিয়া-এর বিশেষ পদ্ধতিতে শেখার সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, সময়ের সঙ্গে ওয়েবসাইটটিতে আরও নতুন কোর্স, শিক্ষামূলক কনটেন্ট ও রিসোর্স যুক্ত করা হবে, যাতে এটি দেশের অন্যতম কার্যকর একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইডিয়া-এর স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়া পিঠা পার্কের কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস এবং রাইজ এন্ড টিরিভ এর কো-অর্ডিনেটর মল্লিকা আফরোজ।























