যশোরে ‘নারীর অধিকার মানবাধিকার’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা এবং সর্বস্তরে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে যশোরে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক মাস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ কার্যালয়ে ‘নারীর অধিকার মানবাধিকার’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন।
বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি আফরোজা শিরীনের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য ও আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, সাবেক সাংগঠনিক সম্পাদক তহমিনা সুলতানা, উদ্যোক্তা জাহিদা পারভীন, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক আজিজুল হক মনি, বিশিষ্ট আইনজীবী মাহমুদ হাসান বুলু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন ইকবাল, অবসরপ্রাপ্ত অধ্যাপক শামীমা আখতার, উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি আমিনুর ইসলাম হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খাঁন এবং শহীদুল হক খাঁন মিলু।
সভায় বক্তারা বলেন, নারীকে সম্পূর্ণ মানুষ হিসেবে গণ্য না করে সমাজে টেকসই উন্নয়ন ও প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। নারীর অধিকারকে কেবল নারীর বিষয় না ভেবে একে একটি মৌলিক মানবাধিকার হিসেবে দেখতে হবে। একটি বৈষম্যহীন ও সাম্যবাদী সমাজ গঠনে নারী-পুরুষ উভয়কে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তারা।























