যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার হাসপাতালের উদ্যোগে ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে—এখনই উদ্যোগ নিই, আমি, আপনি ও সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটিতে নেতৃত্ব দেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর।
এ সময় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আহসান কবির বাপ্পী, ডা. নাজমুল হক, ডা. হিমাদ্রি শেখরসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়। কর্মসূচি শেষে চিকিৎসকরা জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরের কামড়ের পরপরই দ্রুত সঠিক চিকিৎসা গ্রহণ এবং নির্ধারিত সময়ে টিকা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।























