জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যশোরের মুশফিক
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোরের সন্তান মুশফিক হাসান। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের এই শিক্ষার্থী। বর্তমানে তিনি বিভাগটির চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন।
মুশফিক ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এনসিপি গঠনের পর থেকে তিনি দলটির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক হিসেবে সক্রিয়ভাবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
এদিকে, জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটির নতুন নেতৃত্বের নামও ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন মো. হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জহির রায়হান রিপন।
এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অপরাজেয় বাংলার পাদদেশে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সংগঠনটির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাউন্সিলের আনুষ্ঠানিকতা শেষ হয়।























