বেনাপোলে শতাধিক মেধাবী শিক্ষার্থী ও মায়েদের সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক
যশোরে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি প্রদান এবং সন্তানদের অসামান্য সাফল্যে অবদান রাখায় গর্ভধারিণী মায়েদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সাথে সন্তানদের এ অর্জনে নেপথ্য কারিগর হিসেবে ভূমিকা রাখা মায়েদেরও ভূষিত করা হয় সম্মাননায়।
যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের নিজস্ব অর্থায়নে এই ব্যতিক্রমী উদ্যোগ ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বৃত্তির নগদ অর্থ তুলে দেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই মেধাবীরাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মায়েদের সম্মানিত করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সুশিক্ষিত জাতি গঠনে মায়েদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানের উদ্যোক্তা ইমদাদুল হক ইমদাদ জানান, এলাকার শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করা এবং মায়েদের ত্যাগের স্বীকৃতি দিতেই তাঁর এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও সামাজিক ও শিক্ষামূলক এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, সংবর্ধিত শিক্ষার্থী ও তাঁদের মায়েরা উপস্থিত ছিলেন। বৃত্তি ও সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।























