যশোরে বিএনপি সভাপতির বাড়ির সামনে বিদ্যুতের তার চুরি, তামা-রডসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর বাসার সামনে থেকে বিদ্যুতের তার চুরির ঘটনায় সজীব নামে এক যুবকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোর চক্রের কাছ থেকে চুরি করা তারের তামা ও রড উদ্ধার করা হয়।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রথমে সজীবকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাইকোর্ট মোড়ের ‘সেতু ট্রেডার্স’ নামের একটি ভাঙারি দোকানের মালিক তুহিনকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
শনিবার সকালে আটককৃতদের নিয়ে ওই ভাঙারি দোকানে অভিযান চালায় পুলিশ। দোকানটি খোলার পর সজীব ও তুহিনের উপস্থিতিতে চুরিকৃত তার থেকে সংগৃহীত বিপুল পরিমাণ তামা ও কিছু রড পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর শেষ রাতে (ভোর ৪টা ২০ মিনিটের দিকে) উপশহরে অবস্থিত জেলা বিএনপি সভাপতি সাবেরুল হক সাবুর বাসার সামনে বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটে। শহরজুড়ে সাম্প্রতিক তার চুরির অভিযোগ তদন্ত করতে গিয়ে সজীবের সম্পৃক্ততা পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে সজীব চুরির কথা স্বীকার করে এবং চোরাই মালামাল বিক্রির বিস্তারিত তথ্য প্রদান করে।
পুলিশ আরও জানায়, চোর চক্রটি ধরা পড়ার এড়াতে চুরি করা বিদ্যুতের তার সরাসরি বিক্রি না করে ভেতরের তামা বের করে বিক্রি করত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।























