যশোরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান
নিজস্ব প্রতিবেদক
যশোরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ সদস্যের সন্তানদের হাতে ‘বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪ ও ২০২৫’-এর ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রেরিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের যেসব সন্তান ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, তোমাদের এই চমৎকার অর্জনে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আশা করি আগামীতেও তোমরা এ সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াৎ হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকগণ।























