যশোরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে জেলা প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা ও দক্ষতার যথার্থ মূল্যায়ন করেই শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। শিক্ষকদের সম্মান কেবল অর্থ দিয়ে নয়, বরং তাঁদের প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে বিবেচনা করতে হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন তালবাড়ীয়া কলেজের সহকারী অধ্যাপক ইবাদত খান এবং শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পারভীনা খাতুন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেহানা পারভীন, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান এবং জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মধু, পিটিআই সুপার আসাদুজ্জামান, ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং তীরের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ স্থানীয় শিক্ষা পরিবারের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।























