যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি সংঘবদ্ধ চোরচক্র প্রবেশ করে। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ইদ্রিস আলী চিৎকার শুরু করেন।
তাঁর চিৎকারে স্থানীয় গ্রামবাসী ধাওয়া করে চোরচক্রটিকে ঘিরে ফেলে। এ সময় চোরচক্রের দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও মিজানুর রহমানকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা। সেখানে গণপিটুনিতে তিনি মারাত্মক আহত হন।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
চৌগাছা থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।























