যশোরে নানা আয়োজনে বিশ্ব তুলা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
‘সবার কল্যাণে তুলা বাণিজ্য: রূপান্তর ও সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি গড়া’—এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব তুলা দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় খামার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি খামারের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে পুনারায় কার্যালয়ে এসে শেষ হয়।
তুলা প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কটন এগ্রোনমিস্ট ডক্টর মোহাম্মদ জোবায়ের ইসলাম তালুকদারের নির্দেশনায় এবং খামারের বৈজ্ঞানিক কর্মকর্তা রাজিব কুমার দে-র সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে তুলা চাষের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, তুলা চাষ বৃদ্ধির লক্ষ্যে গবেষণা জোরদার করা হচ্ছে এবং দেশব্যাপী এর বিস্তার ঘটাতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে চার আফ্রিকান দেশ—বেনিন, বুরকিনা ফাসো, চাদ ও মালির উদ্যোগে বিশ্ব তুলা দিবস পালনের সূচনা হয়। পরবর্তীতে ২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৭ অক্টোবরকে বিশ্ব তুলা দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
বিশ্বে চীন, ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান শীর্ষ তুলা উৎপাদনকারী দেশ। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষক তুলা চাষের সঙ্গে যুক্ত এবং এই খাতের প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্যের সঙ্গে প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। পলিয়েস্টারের পর বিশ্বজুড়ে ব্যবহৃত প্রধান আঁশ হচ্ছে তুলা, যা মোট চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। বর্তমানে বাংলাদেশ তুলা ব্যবহারে পিছিয়ে না থাকলেও উৎপাদনের ক্ষেত্রে এখনো অনেকাংশে আমদানি নির্ভর।























