যশোরে মহিলা পরিষদের মানববন্ধন
দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিচ্ছদ্র নিরাপত্তার দাবি
নিজস্ব প্রতিবেদক
‘সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মহিলা পরিষদ যশোর জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট আফরোজা বেগমের সভাপতিত্বে এতে সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ আবহমান কাল থেকেই সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই নীতিতে বিশ্বাসী হয়ে মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করে আসছে। আসন্ন শারদীয়া দুর্গোৎসব যেন কোনো প্রকার অপ্রীতিষ্কর ঘটনা বা উসকানি ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হতে পারে, সে জন্য প্রশাসনের নিকট নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান তারা। একই সাথে সমাজ থেকে সব ধরনের সংকীর্ণতা ও বৈষম্য দূর করে প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, টিইউসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, ভাসানী পরিষদের সভাপতি হারুন-অর-রশিদ, উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সুরধনীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, এস.সি.ডি.ও-এর নির্বাহী পরিচালক সুকান্ত দাস, যশোর এনজিও বিষয়ক সমন্বয়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খাঁন এবং লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কনা প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবানে আজ সারাদেশে একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে।























