যশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
‘সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে প্রেসক্লাব যশোরে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা এবং ডা. মো. রবিউল ইসলাম তুহিন।
বাংলাদেশ পডিয়াট্রি সোসাইটির যুগ্ম সম্পাদক, সহযোগী অধ্যাপক ও ডায়াবেটিক ফুট সার্জন ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফী (রানা)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মেসবাহ-উর-রহমান, ডা. মো. ফারুক ইশতিয়াক পরাগ সহ স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা খাতের পেশাজীবীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পায়ের সুস্থতা মানুষের সার্বিক শারীরিক সুস্থতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের পায়ের ক্ষেত্রে নানাবিধ জটিলতা তৈরি হয়, যা অবহেলা করলে মারাত্মক রূপ নিতে পারে। এসব জটিলতা প্রতিরোধে প্রতিটি ডায়াবেটিক রোগীর নিয়মিত পা পরীক্ষা করা, সঠিক পাদুকা নির্বাচন করা এবং প্রাথমিক অবস্থায় সচেতন হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বক্তারা আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের মাঝে পায়ের সঠিক যত্ন ও ডায়াবেটিক ফুট বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ সংক্রান্ত বিশেষায়িত চিকিৎসাসেবা তৃণমূল পর্যায়ে আরও সহজলভ্য করার উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য, আরজে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতাল এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সার্বিক সহযোগিতায় দিবসটির মূল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।























