যশোর পৌরপার্কে মহালয়ার পুণ্যতিথিতে তিল তর্পণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মহালয়ার পুণ্যতিথি উপলক্ষে যশোরের সনাতন ধর্ম সংঘের উদ্যোগে মহালয়া তর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টায় যশোর শহরের পৌরপার্ক পুকুরসংলগ্ন স্থানে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ভক্তিপূর্ণ পরিবেশে এ তিল তর্পণ আয়োজিত হয়।
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সনাতন ধর্ম সংঘ, যশোরের সাধারণ সম্পাদক এবং শহরের মুড়লিস্থ শ্রীশ্রী জোড়া শিব মন্দিরের সেবায়েত অখিল কুমার চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন ধর্ম সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার ঘোষ।
সনাতন ভাবধারা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুসরণের মধ্য দিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা জানান, মহালয়ার এই পুণ্যতিথিতে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তাঁদের উদ্দেশ্যে তিল তর্পণ করা হয় এবং আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এ ধরনের আয়োজন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চাকে তরান্বিত করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাতন ধর্ম সংঘের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোপীকান্ত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত কুমার দে, সুব্রতা রাণী চক্রবর্তী ও সজল কুমার দাসসহ স্থানীয় অসংখ্য ভক্তবৃন্দ।























