লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন যশোর জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রছুল। তিনি বলেছেন, লংমার্চের কর্মসূচি সফল করতে জেলা থেকে শুরু করে উপজেলা ও তৃণমূল পর্যায়ের প্রতিটি দায়িত্বশীল নেতাকর্মীকে সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের কনফারেন্স রুমে ৩১ অক্টোবরের লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে উপজেলা আমীর ও সেক্রেটারিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রছুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের এই লংমার্চের মূল লক্ষ্য হচ্ছে সাত দফা দাবি আদায় করা। শুধু কর্মসূচি ঘোষণা করলেই হবে না, কর্মসূচির উদ্দেশ্য ও দাবিগুলোর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, ৩১ অক্টোবরের লংমার্চ নেতাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচি। ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কর্মীদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দিতে হবে। কোনো পর্যায়েই যেন সমন্বয়ের ঘাটতি না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এ কর্মসূচি সফল করতে হবে।
সভায় ৩১ অক্টোবরের লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে উপজেলা পর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, প্রচার-প্রচারণা বৃদ্ধি, দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতাদের নিজ নিজ এলাকায় কর্মসূচির প্রস্তুতি ত্বরান্বিত করা এবং সাত দফা দাবির বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কড়া নির্দেশনা দেওয়া হয়।
যশোর জেলা জামায়াতের এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ যশোর জেলার বিভিন্ন উপজেলা জামায়াতের আমীর, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ এবং জনগণের কাছে কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।























