যশোরে বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার মুন্সেফপুর গ্রামে শেখ আবু তালেব (৭৫) নামে বিএনপির এক সাবেক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মামাতো ভাই শফিয়ার রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মুন্সেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবু তালেব ওই গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে মুন্সেফপুর বড় মসজিদের সামনে মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আবু তালেব। স্বজনরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের ধারণা, পূর্বশত্রুতার জেরে তাঁর মামাতো ভাই শফিয়ার এ ঘটনা ঘটিয়েছেন। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনার এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত শফিয়ারকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।তিনি জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এদিকে, নিহতের ছেলে শাহজাহান আলী জানিয়েছেন, তাঁর বাবার সঙ্গে অভিযুক্ত শফিয়ারের আগে থেকে কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়ে তাঁরা অবগত নন।























