এনসিপি ছাড়লেন যশোরের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন দলের সব সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত আত্মমর্যাদা, আদর্শ ও নীতিগত অবস্থান অক্ষুণ্ণ রাখার কথা উল্লেখ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, সাংগঠনিক নেতৃত্বের দুর্বলতা, পারস্পরিক অসম্মান ও ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর দেওয়া পদত্যাগপত্রে আব্দুল মতিন উল্লেখ করেন, যশোরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সাংগঠনিক সফর চলাকালে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। তাঁর এ সিদ্ধান্ত কোনো প্রচারণা, চাওয়া-পাওয়া কিংবা ব্যক্তিগত স্বার্থের কারণে নয়; বরং সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনা ও আত্মসম্মানবোধ থেকে নেওয়া।
পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি সাংগঠনিক পদকে ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। পাশাপাশি মিথ্যাচার, একে অপরকে কোণঠাসা করার চেষ্টা, কোরামবাজি এবং অনাকাঙ্ক্ষিত সাংগঠনিক চর্চা ক্রমেই বাড়ছে।
আব্দুল মতিনের দাবি, অপরিপক্ব সাংগঠনিক নেতৃত্বের কারণে এসব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জুনিয়রদের মাধ্যমে সিনিয়রদের অবমূল্যায়ন, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব এবং সাংগঠনিক শৃঙ্খলা ও চেইন অব কমান্ডের অনুপস্থিতি তাঁকে হতাশ করেছে।
তিনি আরও উল্লেখ করেন, অতীতের সাংগঠনিক অভিজ্ঞতা, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে দলকে এগিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু সংগঠনে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন এবং কার্যকর প্রয়োগের সুযোগ পাননি।
পদত্যাগপত্রে জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এনসিপি যশোরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করে যশোর জেলা এনসিপির নেতাকর্মীদের বিভেদ ও ভুল বোঝাবুঝি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আব্দুল মতিন।
পদত্যাগপত্রের শেষাংশে ব্যক্তিগত আত্মমর্যাদা, আদর্শ ও নীতিগত অবস্থান বজায় রাখার স্বার্থে দলের সব সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে তাঁর পদত্যাগ গ্রহণের অনুরোধ জানান তিনি।
তবে পদত্যাগপত্রে উত্থাপিত অভিযোগের বিষয়ে জেলা বা কেন্দ্রীয় এনসিপি নেতৃত্বের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে তাঁর পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
























