পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপ, ফেরি পারাপারে হিমশিম খাচ্ছেন!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজবাড়ী জেলা প্রতিনিধি:- পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ফেরি পারাপারে হিমশিম খাচ্ছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। যানবাহনের সারি ঘাট এলাকা ছেড়ে মহাসড়কে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে।

শনিবার (১৪ আগস্ট) সকালেও পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় আছে কয়েকশ যানবাহন। অগ্রাধিকারের ভিত্তিতে বাস পারাপার করায় পন্যবাহী ট্রাক আটকে থাকছে ঘণ্টার পর ঘণ্টা ধরে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগছে। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বহু যানবাহন এই পথে চলে আসছে। অতিরিক্ত যানবাহনের কারণে এই নৌরুটে আরও তিনটি নতুন ফেরি যোগ করা হয়েছে। ছোট বড় মিলে মোট ১৮টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।

এর আগে শুক্রবার (১৩ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতার কারণ দেখিয়ে বিকল্প রুট হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব‍্যবহারের আহ্বান জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতায় বিকল্প রুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব‍্যবহারের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।