রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ আটক ৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাগেরহাট জেলা:- বাগেরহাটের রামপাল উপজেলার বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের ৯০ কেজি তামার তারসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে লেবার কলোনি এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে মো. লিটন হাওলাদার (৪০), রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের বজলুর শেখের ছেলে মো. সোহাগ শেখ (২৩), কালিকাপ্রসাদ গ্রামের মো. মোজাম শেখের ছেলে মো. নাকির শেখ (২৩) ও গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামের মালেক মোল্লার ছেলে খান জাহান মোল্লা (২৮)।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বিদ্যুৎকেন্দ্রের লেবার কলোনির পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময়ে ৯০ কেজির অধিক পরিমাণ আর্থিং কপার কেবলসহ চোর চক্রের ওই ৪ সদস্যকে আটক করা হয়। জব্দ করা কপার কেবলের আনুমাণিক বাজার মূল্য ৭২ হাজার টাকার অধিক।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।