সবজি বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হবিগঞ্জের বাহুবলে সবজি বিক্রয়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে বাহুবল ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে স্থানীয় কাজীকাটা গ্রামের সবজি ব্যবসায়ী জিতু মিয়ার কাছ থেকে পার্শ্ববর্তী গ্রামের দেলোয়ার মিয়া সবজি কেনার সময় কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।

বাহুবল থানার ওসি মশিউর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।