৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মিয়ানমার সীমান্তের অংশ থেকে মাছ ধরার ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে নাফ নদীর শাহপরীর দ্বীপ নাফনদীর অংশে বঁড়শি নিয়ে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

আটক জেলেরা হলেন– শাহপরীর দ্বীপের আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩), জালিয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া (১৭), মো. রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।স্থানীয়দের বরাত দিয়ে শাহপরীর দ্বীপের বাসিন্দা সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সোমবার বিকেলের দিকে শাহপরীর দ্বীপ এলাকার ৫ জন জেলে ট্রলারের মাধ্যমে বঁড়শিতে মাছ ধরতে নাফ নদীতে যায়।

পরে তারা শাহপরীর দ্বীপের অংশের নাফ নদীর শূন্য লাইন অতিক্রম করলে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।এ ব্যাপারে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানিয়েছেন।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে আলোচনা চলছে বলে জানান তিনি।