স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগনি তলা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরপুর মেহগনি তলা এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে বাসটি পার্ক করা ছিল। গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা বাসটির ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
আগুনে বাসটির ভেতরের আসনসহ অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে রাতের বেলা বাসে কোনো যাত্রী বা চালক না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।






