বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে শ্রীরামকৃষ্ণ-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু

যশোরে শ্রীরামকৃষ্ণ-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু

স্বাধীন কন্ঠ ডেস্ক

বৈশ্বিক মানবিকতার কর্মযজ্ঞে নিবেদিত থাকার আহ্বান এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবসেবা ও মানবিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে শ্রীরামকৃষ্ণ-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে।

বুধবার দুপুরে অস্থায়ী উৎসব মঞ্চে ‘স্বামী বিবেকানন্দ-এর জীবন ও আদর্শ’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার (সার্বিক) কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজ, যশোরের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা এবং যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হরেকৃষ্ণ দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। স্বাগত বক্তব্য দেন সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, যশোরের সভাপতি তপন রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর নওয়াপাড়া মডেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ রাহা।

এর আগে অভয়ন বসন্ত বাণী সংগীত অ্যাকাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আলোচনা শেষে মণিরামপুরের পালাকার উজ্জ্বল হালদার রামায়ণ গান পরিবেশন করেন। সন্ধ্যায় স্বামী আত্মবিভানন্দ মহারাজ শ্রীমদ্ভাগবত আলোচনা করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।

উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভোর ৫টায় আশ্রমের মূল মন্দিরে মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় শ্রীরামকৃষ্ণ-এর বিশেষ পূজা ও ভজন সংগীত, সকাল ১১টায় ‘শ্রীমা সারদাদেবী-এর জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা, আলোচনা শেষে রামায়ণ গান এবং সন্ধ্যায় ভাগবত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উৎসবের সমাপনী দিন শুক্রবার বিকেলে ‘শ্রীমা সারদাদেবী-এর জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ উৎসবের মাধ্যমে মানবধর্ম, সহমর্মিতা ও সেবার আদর্শ সমাজে আরও বিস্তৃত হবে বলে তারা আশা করছেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়