বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Homeদক্ষিণ-পশ্চিমাঞ্চলখুলনাপাইকগাছায় ইফতার সামগ্রী বিতরণ

পাইকগাছায় ইফতার সামগ্রী বিতরণ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামছুর রহমান ফাউন্ডেশন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় সিরাতুল হুদা ট্রাস্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৫২৫টি গরিব ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।

এসময় জেলা টিম সদস্য সিনিয়র সহকারী অধ্যাপক আব্দুল মমিন সানা, উপজেলা নায়েবে আমীর মাওলানা শেখ কামাল হোসেন, মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, ছোলা, মুড়ি, পেঁয়াজ, আলু, তেল, খেজুরসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন ইফতার সামগ্রী দেওয়া হয়, যা কয়েকদিনের ইফতারের চাহিদা পূরণে সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। এ সময় সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সামছুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শুধু রমজান নয়—বছরের বিভিন্ন সময়ে খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজানের আগে এ সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।

উল্লেখ্য, ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মেসবাহুল ইসলামের আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়