স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে যশোরের বড় বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার সকালে পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজার তদারকির অংশ হিসেবে যশোর শহরের বড় বাজার এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘আরজি ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত রঙিন চিপস বিক্রয় ও মজুত রাখার অপরাধে ‘চিপস ভাণ্ডার’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ক্ষতিকর পণ্যগুলো তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
সেলিমুজ্জামান, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাবের প্রতিনিধি এবং র্যাব-৬-এর একটি চৌকস দল।
অভিযান শেষে সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
