যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
পুলিশের হানা দিয়েও রহস্যজনকভাবে ফিরে গেল
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরতলীর কানাইতলা এলাকায় অবস্থিত ডেল্টা এলপিজি লিমিটেড নামে একটি স্যাটেলাইট বটলিং প্লান্টে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাস সিলিন্ডার ভরে বাজারজাত করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লান্টটির নিজস্ব অনুমোদন থাকলেও সেখানে জি গ্যাস, জেএমআই এলপিজিসহ বিভিন্ন নামি কোম্পানির সিলিন্ডার নিপিল করে ডিলারের মাধ্যমে বাজারে ছাড়ার কাজ দীর্ঘদিন ধরে চলছিল।
অভিযোগ রয়েছে, খুলনা জেলার নুর ইসলাম নামে এক ব্যবসায়ী স্থানীয় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন।
রোববার দিবাগত রাতে পুলিশের একটি টিম গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ওই প্লান্টে অভিযান চালায়। তবে রহস্যজনক কারণে তারা কোনো দৃশ্যমান ব্যবস্থা না নিয়েই প্লান্ট ত্যাগ করে। সুত্র বলছে, অভিযানের কিছুক্ষণ পর প্লান্ট মালিকের ছেলে নাজমুল ইসলাম হৃদয় খুলনা থেকে যশোরে এসে প্রশাসনের সঙ্গে দেনদরবার করেন। এরপর আবার প্লান্টে গ্যাস নিপিলের কাজ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের উপস্থিতিতেই প্লান্টে গিয়ে দেখা গেছে শ্রমিকরা বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের সিলিন্ডার ভরার কাজ করছেন। সেখানে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। বিশেষ করে গভীর রাতে ঝুঁকিপূর্ণ পরিবেশে এই কাজ চালানো হচ্ছে। যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে অনিয়ন্ত্রিত ও অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভর্তি করা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।























