গাছের ডাল ভেঙে ইজিবাইকের ওপর পড়ে দুই ব্যক্তি আশঙ্কাজনক
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলায় সড়কের পাশে থাকা গাছের ডাল ভেঙে ইজিবাইকের ওপর পড়ে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে ঝিকরগাছা থানাধীন চারাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— আব্দুল করিম (৬২), পিতা: মফিজ উদ্দিন এবং বাবু (৫৫), পিতা: বরকতুল্লাহ। উভয়ের বাড়ি ঝিকরগাছা উপজেলার মঠবাড়ি গদখালী গ্রামে।
জানা গেছে, সকালে তারা ইজিবাইকযোগে আকিজ ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেন। পথে চারাভিটা এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা একটি গাছের বড় ডাল হঠাৎ ভেঙে ইজিবাইকের ওপর পড়ে। এতে দুজনই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।























