যশোরে এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার কোতয়ালী মডেল থানা এলাকার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি নাসিমা বেগম (৪৫)। তিনি দৌলতপুর থানার মানিকতলা এলাকার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে বলে জানা গেছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা থেকে যশোরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সদস্যরা অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। ঢাকা মেট্রো জ-১১-১৩১৯ নম্বরের ‘অয়ন লাইন’ নামের বাসটি সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে আসছিল।
বাসটির ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা অবস্থায় নাসিমা বেগমকে সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার দেহ ও বহনকৃত ব্যাগ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। যা তদন্তের স্বার্থে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যশোরসহ সীমান্তবর্তী জেলাগুলোতে মাদক পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।























