হাসপাতালে ‘বিশেষ অনুমতিতে’ কর্মরত ব্যক্তির বিরুদ্ধে প্রেসক্রিপশন লেখার অভিযোগ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেনারেল হাসপাতাল-এ ‘বিশেষ অনুমতিতে’ কর্মরত নাজমুল সাকিব (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রেসক্রিপশন লেখা ও রোগী ভাগিয়ে ক্লিনিকে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ১২৩ নম্বর কক্ষে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করে আসছেন বলে জানা গেছে।
অভিযুক্ত নাজমুল সাকিব যশোর সদর উপজেলার কোতোয়ালি থানার কাজিপুর গ্রামের মামুন হোসেনের ছেলে। অভিযোগ রয়েছে, হাসপাতালের আরএমও ডা. বজলুর রহমান টুলু-র বিশেষ অনুমতি নিয়ে তিনি অর্থোপেডিক বহির্বিভাগে কাজ শুরু করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অনেক সময় চিকিৎসকের অনুপস্থিতিতে নিজেই প্রেসক্রিপশন লিখে রোগীদের হাতে ধরিয়ে দেন সাকিব। এছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ এবং হাসপাতালে আসা সাধারণ রোগীদের কৌশলে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে কমিশন বা অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত বলেন, “বিষয়টি আমাদের কানে এসেছে এবং আমরা কিছু অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালে অনুমোদিত পদ ছাড়া কোনো সাধারণ ব্যক্তির চিকিৎসকের কক্ষ ব্যবহার ও প্রেসক্রিপশন লেখার বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।























