স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। ‘একটি দুর্ঘটনা, একটি পরিবারের সারাজীবনের কান্না’—এই বাস্তবতাকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
অনুষ্ঠানে যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার মোট ১৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে যশোরে ৬৯টি, মাগুরায় ১৯টি এবং ঝিনাইদহ জেলায় ৬২টি চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, দেশে সংঘটিত সড়ক দুর্ঘটনার প্রায় ৭০ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। এ বাস্তবতা বিবেচনায় নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে বাধ্যতামূলকভাবে দুটি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট দেওয়ার নিয়ম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।
তিনি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং সচেতনভাবে যানবাহন চালানোর আহ্বান জানান। একই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোর-এর সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয় এবং তাদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করা হয়।
