বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলতীব্র লবণাক্ততার মধ্যেও রামপালে বেড়েছে বোরো ধানের আবাদ

তীব্র লবণাক্ততার মধ্যেও রামপালে বেড়েছে বোরো ধানের আবাদ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
তীব্র লবণাক্ততা সত্ত্বেও চলতি বোরো মৌসুমে রামপাল উপজেলায় ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো আবাদ এবং কৃষি বিভাগের সার্বক্ষণিক তদারকির কারণে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ৪ হাজার ৯০ হেক্টর এবং উফশী জাতের ধান ৮১০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে আবাদ হয়েছিল ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে, যার মধ্যে সম্পন্ন হয়েছিল ৪ হাজার ৩৬০ হেক্টর। সে তুলনায় এ বছর প্রায় ১০০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে চলতি মৌসুমে প্রায় ২৩ হাজার ৬২ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে।

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গৌরম্ভা ইউনিয়নে হাইব্রিড ৬১৭ হেক্টর ও উফশী ১৮৯ হেক্টর, উজলকুড় ইউনিয়নে হাইব্রিড ২ হাজার ২৬১ হেক্টর ও উফশী ১৮৯ হেক্টর, বাইনতলা ইউনিয়নে হাইব্রিড ৭০১ হেক্টর, উফশী ২৩৫ হেক্টর ও স্থানীয় ২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এছাড়া রামপাল সদর, রাজনগর, হুড়কা, পেড়িখালী, ভোজপাতিয়া, মল্লিকেরবেড় ও বাঁশতলী ইউনিয়নেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বোরো ধানের চাষ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে উপজেলায় হাইব্রিড ধান ৪ হাজার ২১৯ হেক্টর, উফশী ৬৭৯ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ২ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন জানান, রামপাল একটি উপকূলীয় উপজেলা। জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিতভাবে চিংড়ি চাষের কারণে মাটি ও পানিতে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে জমির উর্বরতা ও গুণাগুণ ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পেতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন।

তিনি বলেন, সরকারিভাবে বিকল্প ফসল চাষ ও লবণসহিষ্ণু উন্নত জাতের ধান চাষে উৎসাহ দেওয়ায় আবাদ বৃদ্ধি পাচ্ছে। কৃষিতে যান্ত্রিকীকরণ, কৃষকদের প্রশিক্ষণ, বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শের ফলে কৃষকরা সুফল পাচ্ছেন। পাশাপাশি মাঠপর্যায়ে মাটি ও পানির গুণাগুণ পরীক্ষা করে জমির উর্বরতা বৃদ্ধিতেও কাজ চলছে।

কৃষি বিভাগের আশা, প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে রামপালে বোরো ধানের বাম্পার ফলন হবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়