স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনলাইন গ্রোসারি শপ ‘চালডাল ডটকম’-এর বকেয়া বেতনের দাবিতে চলা আন্দোলনে সোমবার দুপুরে এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত কর্মীর নাম শাকিল (২১)। তিনি যশোর কোতোয়ালী থানাধীন তালবাড়িয়া শান্তির মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। শাকিল চালডাল ডটকমে অনলাইন এজেন্ট হিসেবে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে আইটি পার্কের গেটের সামনে বেতন না দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ কর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে ভেতরে প্রবেশের চেষ্টাকালে গেটে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় গেটের একটি অংশ শাকিলের মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
সঙ্গে থাকা সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত থাকলেও শাকিল বর্তমানে আশঙ্কামুক্ত।
আন্দোলনরত কর্মীরা জানান, গত চার মাস ধরে বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। আজ পাওনা আদায়ের দাবিতে তারা যখন অফিসের প্রধান ফটকে জড়ো হন, তখন কর্তৃপক্ষের উদাসীনতায় উত্তেজনা সৃষ্টি হয় এবং এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন। তবে শাকিলের আহত হওয়ার ঘটনায় আন্দোলনরত কর্মীদের মধ্যে আরও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা অবিলম্বে সকল বকেয়া পরিশোধ এবং আহত কর্মীর চিকিৎসার ব্যয়ভার বহনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চালডাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
