স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে জামাল উদ্দিন (৫৮) নামে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন গদখালী শরিফপুর এলাকার মৃত ভুলাই দফাদারের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিনি গদখালী বাজারে নিজের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কালীমন্দির শ্মশানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
