বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeঅপরাধযশোরে শিশুসহ প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগ

যশোরে শিশুসহ প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগ

স্বাধীন কণ্ঠ ডেস্ক
মণিরামপুর উপজেলা-র চাকলা গ্রামে ৫ বছরের শিশু কন্যাসহ এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের স্ত্রী আশা খাতুন (২২) ও তাদের শিশু কন্যা আরোহি জান্নাত (৫)। এ ঘটনায় পার্শ্ববর্তী পারখাজুরা গ্রামের এক যুবকের বিরুদ্ধে সরাসরি অপহরণের অভিযোগ উঠেছে।

নিখোঁজ গৃহবধূর মা নূর জাহান বেগম বাদী হয়ে মণিরামপুর থানা-তে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মা ও শিশুর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে চাকলা গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আশা খাতুনের। প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে মনিরুল ইসলাম মালয়েশিয়ায় পাড়ি জমান। স্বামী বিদেশে থাকার সুযোগে পারখাজুরা গ্রামের তপন দাসের ছেলে কৌশিক (২১) মোবাইল ফোনে আশার সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সে বিভিন্নভাবে উত্যক্ত ও প্রলোভন দেখিয়ে আসছিল।

গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে আশা খাতুন তার শিশু কন্যাকে নিয়ে খালার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় সূত্রে জানতে পারেন, রাজগঞ্জ বাজার এলাকা থেকে কৌশিক ও তার সহযোগীরা মা ও শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।

নিখোঁজ আশার মা নূর জাহান বেগম বলেন, “আমার জামাই বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করে। সেই সুযোগে আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে। আমি আমার মেয়ে ও পাঁচ বছরের নাতনিকে জীবিত ফেরত চাই। তারা কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না।” তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় সঠিক সহযোগিতা পেতে দেরি হচ্ছে।

অভিযোগপত্রে কৌশিক ছাড়াও তার বাবা তপন দাস (৫০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ গৃহবধূ ও শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়