নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার ১১ নম্বর পিরোলী ইউনিয়নের পিরোলী উত্তরপাড়ায় চিত্রা নদী থেকে নজরুল শেখের বাড়ি হয়ে গুচ্ছগ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। হেয়ারিং বন্ড পদ্ধতিতে দুই পাত্তা ইট দিয়ে নির্মিতব্য এ সড়কের ব্যয় ধরা হয়েছে ৮২ লাখ টাকা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা ও চলাচলের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানির কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন করে সড়ক উন্নয়ন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, গুচ্ছগ্রাম ও আশপাশের বসতবাড়ির মানুষের যাতায়াত সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
এ প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শেখ মো. আশরাফ উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তা, কালভার্ট ও মসজিদের অবকাঠামো উন্নয়নে সহায়তা করে আসছেন।
শেখ আশরাফ উদ্দিন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মধ্য পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামিদপুর ইউনিয়নের পূর্ব ভোমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নড়াইল জেলার কালিয়া উপজেলার পিরোলীর শেখ পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা শেখ আনসার উদ্দিন আহমেদ পাকিস্তান আমলে প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত ছিলেন এবং সে সময়কার রাজনৈতিক দল মুসলিম লীগ-এর একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
এলাকাবাসী মনে করছেন, সড়কটির উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে স্থানীয় অর্থনীতি ও শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
