স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ নরসিংহকাটি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বিকেলে সংঘটিত এই হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আল-আমিনের ১১ বছর বয়সী ছেলে সানি রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ মিলনের ছেলে তাসিম তাকে লক্ষ্য করে ইটের খোয়া ছুড়ে মারে। এতে সানির চোখে গুরুতর আঘাত লাগে। সানির চিৎকার শুনে পরিবারের সদস্য মুকুল, তুহিন ও ইস্রাফিল তাকে উদ্ধারে এগিয়ে আসলে আগে থেকে ওত পেতে থাকা একদল সস্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, আলী ইয়াকুব সরদারের ছেলে কবির সরদার, মিলন, জিয়া এবং নিকমল সরদারের ছেলে বায়জিত সরদারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন লাঠি, লোহার রড, হকিষ্টিক ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। হামলায় ইস্রাফিলের মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং তিনিসহ মোট ৪ জন জখম হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ভুক্তভোগী মুকুল সরদার বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই হামিদুর রহমান জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
