স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক মূল্যে খাদ্যপণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়। অভিযানে সদর উপজেলার সেমাই কারখানা, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং শাড়ি-কাপড়ের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।
অভিযানকালে নীলগঞ্জ এলাকার মেসার্স নওয়াব স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা ২৫ হাজার টাকা এবং ৪০ ধারায় ধার্যকৃত মূল্যের অধিক দামে খাদ্যপণ্য বিক্রি করায় আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের সদস্যবৃন্দ এবং র্যাব-৬ এর একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে এ জরিমানা আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
