স্বাধীন কন্ঠ ডেস্ক
রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও সরবরাহ নিশ্চিত করতে যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার চলা এই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় নাভারন বাজারের মেসার্স আলভি স্টোরকে ৫ হাজার টাকা এবং মফিজুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের দায়ে একই আইনের ৪৩ ধারায় নাভারণ ডেয়ারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের সদস্যবৃন্দ এবং জেলা ও থানা পুলিশের দুটি টিম উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
