বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোর সদর হাসপাতালে ট্রলি সেবায় টাকা নেওয়া বন্ধ: স্বেচ্ছাসেবকদের অবস্থান

যশোর সদর হাসপাতালে ট্রলি সেবায় টাকা নেওয়া বন্ধ: স্বেচ্ছাসেবকদের অবস্থান

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ট্রলি ঠেলে রোগী পরিবহনের ক্ষেত্রে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবকরা।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তত্ত্বাবধায়কের কক্ষের সামনে প্রায় ৩০ থেকে ৩৫ জন স্বেচ্ছাসেবক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। স্বেচ্ছাসেবক মফিজুল হক সাগরের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, হাসপাতালে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক দীর্ঘদিন ধরে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক ছাড়াই রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে নিতে ট্রলি ঠেলার কাজ করে আসছেন। এ সময় তারা রোগীর স্বজনদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে নিয়ে সেবা প্রদান করতেন।

কিন্তু সম্প্রতি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত নির্দেশনা দেন যে, ট্রলি ঠেলে রোগী পরিবহনের ক্ষেত্রে রোগীর স্বজনদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া যাবে না।

এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি থেকে স্বেচ্ছাসেবকরা দাবি করেন, রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় তাদের কাজের বিনিময়ে নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে।

তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে অফিসে পাওয়া যায়নি।

প্রায় ৩০ মিনিট শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন শেষে স্বেচ্ছাসেবকরা কর্মসূচি শেষ করে নিজ নিজ কাজে ফিরে যান।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়