স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের বড়বাজার মারুয়া মন্দির এলাকায় কথা কাটাকাটির জেরে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানার পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।
আহত যুবকের নাম শাহরিয়া আলম রকি (৪৬)। তিনি যশোর শহরের বকচর বিহারী কলোনি এলাকার মৃত দিল রেজা আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়বাজার সোনাপট্টি এলাকার ফুটপাতে গেঞ্জি বিক্রি করার সময় মারুয়া মন্দির এলাকার এক নারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রকি ওই নারীকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার জেরে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মারুয়া মন্দির এলাকার একটি দোকানে বসে থাকা অবস্থায় এলাকার কয়েকজন নারী তাকে ঘিরে ধরে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে পুলিশ আহত শাহরিয়া আলম রকিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
