স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে পূর্ব শত্রুতার জেরে এক প্রতিবন্ধী রিকশাচালককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত রিকশাচালকের নাম টিটুল (৪০)। তিনি যশোর শহরের নাজির শংকরপুর এলাকার মৃত আইয়ুবের ছেলে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার গেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিটুল পেশায় একজন প্রতিবন্ধী রিকশাচালক। ঘটনার সময় তিনি তার বড় বোন শিফালিকে টিবি ক্লিনিকের পাশে নামিয়ে দিয়ে ফেরার পথে টিবি ক্লিনিকের গেট এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সিরাজুল (৪০), শহিদুল (৩৫) ও সুজন (২৭) তার ওপর হামলা চালায়। তারা তিনজনই জয়নাল নামে এক ব্যক্তির ছেলে এবং টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা টিটুলকে একা পেয়ে ধারালো দা দিয়ে তার কপালের বাম পাশে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকদের মতে তার অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
