বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলজেলা প্রশাসকের কাছে যশোর জেলা আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

জেলা প্রশাসকের কাছে যশোর জেলা আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা আইনজীবী সমিতি আদালতের চলমান সংকট নিরসনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করেছে।বুধবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোরের ঐতিহ্যবাহী আদালতে দীর্ঘদিন ধরে স্থায়ী জেলা ও দায়রা জজ না থাকায় বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। গত বছরের২৮ আগস্ট তারিখে তৎকালীন জেলা ও দায়রা জজ বদলি হওয়ার পর দীর্ঘ সময় এ পদটি শূন্য ছিল। পরে চলতি বছরের ৫ জানুয়ারি তারিখে নতুন জেলা ও দায়রা জজ যোগদান করলেও পরবর্তীতে আবারও আদালত কার্যক্রম দায়িত্বপ্রাপ্ত বিচারকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এ অবস্থায় গত ৪ মার্চ যশোর জেলা আইনজীবী সমিতির দুই শতাধিক আইনজীবী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের বিরুদ্ধে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ না করার আবেদন করেন। পরে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্মারকলিপিতে আইনজীবীরা অভিযোগ করেন, আদালত বর্জনের পর বার ও বারের প্রায় ৫৪০ জন আইনজীবীর বিরুদ্ধে আদালত পদক্ষেপ নিয়েছে এবং পুলিশ ও বিভিন্ন মামলার আসামি ও তাদের স্বজনদের মাধ্যমে শুনানি পরিচালনা করা হচ্ছে। যা আইনসম্মত নয় বলে তারা মনে করেন। এতে আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বহু আসামি দীর্ঘদিন কারাবন্দি থাকায় এবং বিচারপ্রার্থীরা আইনি সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় দ্রুত এ সংকট নিরসন জরুরি। আইনজীবী সমিতির দাবি, অবিলম্বে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের পরিবর্তে অন্য কোনো অতিরিক্ত জেলা ও দায়রা জজকে দায়িত্ব প্রদান করা হলে আইনজীবীরা আদালতের কার্যক্রমে ফিরে আসবেন। পাশাপাশি যশোরে স্থায়ী জেলা ও দায়রা জজ নিয়োগের দাবিও জানানো হয়।

স্মারকলিপিতে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ এ এইচ সাবেরুর হক সাবু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর স্বাক্ষর করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী রিয়াজ মো. মহিউদ্দীন খান ময়না, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি বোরহান উদ্দীন, বাসুদেব বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম পান্নু, গ্রন্থাগার সম্পাদক কামরুল হাসান সোহেল, সদস্য মোলুদা পারভীনসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়