যশোর কোতোয়ালি থানার নতুন ওসি মাসুম খান
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর কোতোয়ালি মডেল থানার সমালোচিত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম খান। তিনি ঢাকা থেকে যশোরে যোগদান করতে যাচ্ছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বিদায়ী ওসি ফারুক আহমেদের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ড, অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগ ওঠে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়গুলো নিয়ে ‘রাতদিন নিউজ’সহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশিত হয়।
অভিযোগগুলোর প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ)ও দেওয়া হয়েছিল।
সর্বশেষ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে ওসি ফারুক আহমেদকে কোতোয়ালি মডেল থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং তার স্থলাভিষিক্ত হিসেবে মাসুম খানকে দায়িত্ব দেওয়া হয়।
জেলা পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন ওসির নেতৃত্বে কোতোয়ালি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।























