অসচ্ছল পরিবারের মুখে ঈদের হাসি ফোটালো ‘আল মামুন ফাউন্ডেশন’
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী সোখিনা খাতুনের কাছে ঈদ মানেই ছিল দুশ্চিন্তা। কীভাবে চলবে সংসার, জুটবে কি ঈদের খাবার। তবে এবার তার মুখে ফুটেছে হাসি। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’ এর উদ্যোগে পাওয়া ঈদ উপহার তাকে দিয়েছে নতুন আনন্দ।
রোববার যশোরের ঘোপ এন এম খান প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটির উদ্যোগে এলাকার ৫১টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। “ভরসার হাত, সুরক্ষিত ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার পেয়ে আবেগাপ্লুত সোখিনা খাতুন বলেন, সবাই যখন ঈদের আনন্দ করে, তখন আমাদের মতো গরিব মানুষের কেবল দুশ্চিন্তা থাকে। আজ এই উপহার পেয়ে মনে হচ্ছে আমাদেরও ঈদ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক সরফুদৌলা ছটলু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপি নেতা মাসুদুল হক, নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা পারভীন আনু, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি ও সুফিয়া বেগম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক সাব্বির মালিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক তানভীর হায়দার তমাল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র। এসময় সংগঠনের উপদেষ্টা আল মামুন শাওন, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার, এমদাদ শাওনসহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা জানান, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।























