যশোর মুখ ও বধির সংঘের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ
স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যশোর মুখ ও বধির সংঘের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন যশোর আর এন রোডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আইয়াজ উদ্দিন রিপন।
সোমবার সকালে শহরের মুখ ও বধির সংঘে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের হাতে তিনি এই আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত সদস্যরা সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আইয়াজ উদ্দিন রিপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইয়াজ উদ্দিন রিপন বলেন, পবিত্র রমজান ও ঈদের আনন্দ সমাজের সকল মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মানবিক দায়িত্ব। বিশেষ করে মুখ ও বধিরদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানো সমাজের সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব।
এ সময় যশোর মুখ ও বধির সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।























