যশোর শহরকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে: প্রতিমন্ত্রী অমিত
যশোর শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং আগামী বর্ষা মৌসুমের আগেই অধিকাংশ কাজ সম্পন্ন করা হবে। এতে গত বছরের তুলনায় শহরবাসীর ভোগান্তি অনেকাংশে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যশোর পৌরসভার উদ্যোগে গাড়ীখানা রোড থেকে এমএম আলী রোড (ব্যাগ পট্টি) পর্যন্ত ড্রেনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, নতুন এই বিকল্প সড়ক চালু হলে গাড়ীখানা রোড হয়ে চিত্রা মোড় ঘুরে যাতায়াতের ভোগান্তি কমবে। বিশেষ করে পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহীরা সহজে এই সড়ক ব্যবহার করতে পারবেন। এতে প্রধান সড়কের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরবাসী যে সমর্থন দিয়েছেন, সেই আস্থা ধরে রেখে তিনি যশোরকে নতুনভাবে গড়ে তুলতে চান। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা দেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কার্যক্রম আরও সহজ করতে পুরো যশোর শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হবে।
যশোর পৌরসভার বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান এবং নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় নেতৃবৃন্দ।























